Ridge Bangla

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চলন্ত বাসে আগুনে নিহত ২০ জন

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন যাত্রী। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে কুর্নুল জেলার চিন্নাটেকুর এলাকায় হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায়। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসে ৪১ জন যাত্রী ছিলেন।

স্থানীয় প্রশাসন জানায়, এখন পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতদের মধ্যে ১১ জনের মরদেহ শনাক্ত করা গেছে, বাকি ৯ জনের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির বেসরকারি বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়কে চলার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের পর বাইকটি বাসের সামনের অংশে আটকে যায় এবং মুহূর্তেই আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। কেউ কেউ জানালা ভেঙে বেরিয়ে প্রাণে বাঁচলেও অনেকে আর বের হতে পারেননি।

পুলিশ জানিয়েছে, আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। নিহতদের দেহ এতটাই পুড়ে গেছে যে অনেককে শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন, তার সন্ধানে তল্লাশি চলছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু গভীর শোক প্রকাশ করে বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক দুর্ঘটনা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” তিনি কর্মকর্তাদের উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।

This post was viewed: 120

আরো পড়ুন