Skip to main content

Ridge Bangla

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ সংসদে বিল আকারে পেশ হবে: আইনমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩টি অধ্যাদেশ শিগগিরই জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা সব অধ্যাদেশ বিল আকারে সংসদে পেশ করা হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবেই এসব অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে বলে উল্লেখ করেন তিনি।

নরসিংদীতে ধর্ষণের পর কিশোরী হত্যার আলোচিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ মামলায় যারা জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধীদের আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে।

দেশে বিদ্যমান মামলার জট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটি দীর্ঘদিনের একটি বড় সমস্যা। এ সমস্যা নিরসনে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনকালে যতটা তৎপর ছিলেন, বর্তমান দায়িত্বে তার চেয়েও বেশি সক্রিয়তা দেখানো হবে।

This post was viewed: 40

আরো পড়ুন