ভারতের তেলেঙ্গানা রাজ্যের জনপ্রিয় লোকসংগীতশিল্পী ও টিভি উপস্থাপক মঙ্গলির বিরুদ্ধে অনুমতি ছাড়া জন্মদিন উপলক্ষে মদ ও উচ্চ শব্দের ডিজে পার্টি আয়োজনের অভিযোগে মামলা করেছে সাইবারাবাদ পুলিশ।
বুধবার (১১ জুন) রাতে রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলার চেভেল্লার ত্রিপুরা রিসোর্টে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গায়িকা মঙ্গলি, যার আসল নাম সত্যবতী, সেখানে এক ঘনিষ্ঠ পার্টির আয়োজন করেন। পার্টিতে উচ্চ শব্দে ডিজে মিউজিক চালানো হয় এবং মদ রাখা হয়, অথচ আয়োজনে কোনো প্রশাসনিক অনুমতি ছিল না।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ অভিযানে বেশ কিছু মদের বোতল ও মাদক দ্রব্য জব্দ করেছে। উপস্থিত একজন অতিথির শরীরে গাঁজা সেবনের প্রমাণও মেলে। তার বিরুদ্ধে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট’-এ মামলা করা হয়েছে।
সাইবারাবাদ পুলিশের ইন্সপেক্টর এম ভূপাল শ্রীধর জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ রিসোর্টে গিয়ে নিশ্চিত হয় যে কোনো ধরনের অনুমতি ছাড়াই উচ্চ শব্দে গান ও মদ সরবরাহ করা হয়েছে, যা স্পষ্টত আইন লঙ্ঘন।
ঘটনার সময় রিসোর্টে প্রায় ২৫ জন অতিথি উপস্থিত ছিলেন। মামলায় গায়িকার বন্ধু ও অভিনেতা দিভি ভাদথ্য, আয়োজক ম্যানেজার মেঘরাজ, রিসোর্টের সহকারী জেনারেল ম্যানেজার এম শিব রাম কৃষ্ণ এবং অতিথি দামোদর রেড্ডির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, আবগারি আইন ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সবাইকে নোটিশ পাঠানো হয়েছে।