ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে স্থানান্তর করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) ভারতীয় পুলিশের বিবৃতির বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৫৯ বছর বয়সী ওয়াংচুক ২৮ জুন থেকে ভারতের যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর সমর্থনে অনশন করে আসছেন। মে মাসে আলোচিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর সিজেপি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলে। সংগঠনটির অভিযোগ, এ ঘটনায় দেশজুড়ে লাখো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওয়াংচুকের অনশন ক্ষমতাসীন বিজেপি সরকারের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আন্দোলনটি দেশজুড়ে ব্যাপক সমর্থন পেয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও শেয়ার হওয়ায় আন্দোলনকারীদের দাবিও আরও জোরালো হয়েছে।
শনিবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার আগে সামরিক ও সাধারণ পোশাকে থাকা কয়েক ডজন পুলিশ ও নিরাপত্তাকর্মী বিক্ষোভস্থলে উপস্থিত হন। এ সময় তারা বিক্ষোভের জন্য তৈরি করা মঞ্চের চারপাশে বড় সাদা কাপড়ের চাদর ধরে রাখেন।
ঘটনাস্থলে উপস্থিত ডেপুটি পুলিশ কমিশনার শচীন শর্মা বলেন, আদালতের নির্দেশ, চিকিৎসকদের পরামর্শ এবং ওয়াংচুকের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে জরুরি চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।