Skip to main content

Ridge Bangla

অতিরিক্ত বাঘের বিনিময়ে জেব্রা আনতে চায় চট্টগ্রাম চিড়িয়াখানা

দক্ষিণ আফ্রিকা থেকে আনা ৬টি জেব্রার মধ্যে বিভিন্ন সময়ে ৫টির মৃত্যু হওয়ায় চট্টগ্রাম চিড়িয়াখানায় এখন রয়েছে মাত্র একটি মাদি জেব্রা। একা থাকা প্রাণীটির জন্য সঙ্গী আনতে দেশের কোনো সাফারি পার্ক বা চিড়িয়াখানা থেকে প্রাণী বিনিময়ের মাধ্যমে জেব্রা সংগ্রহের উদ্যোগ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী, দেশের কোনো সাফারি পার্ক বা চিড়িয়াখানার সঙ্গে প্রাণী বিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় জেব্রা আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভাষ্য, তাদের ধারণক্ষমতার তুলনায় বর্তমানে বাঘের সংখ্যা বেশি। এ কারণে অতিরিক্ত বাঘের বিনিময়ে জেব্রা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এক জোড়া বাঘের বিনিময়ে ৩ জোড়া জেব্রা আনার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় ১৭টি বাঘ রয়েছে। প্রাণী বিনিময়ের উদ্যোগ বাস্তবায়িত হলে জেব্রার সংখ্যা বাড়ানোর পাশাপাশি একমাত্র মাদি জেব্রাটিও সঙ্গী পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৬ মার্চ নিজস্ব তহবিল থেকে প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ৪টি মাদিসহ মোট ৬টি জেব্রা আনা হয়। তবে একই বছর ২টি জেব্রার মৃত্যু ঘটে।

তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ২১ অক্টোবর মারামারিতে আহত হয়ে একটি জেব্রা মারা যায়। একই বছরের নভেম্বরে প্রসবকালীন জটিলতায় মারা যায় আরেকটি। পরে ২০২১ সালের ২৯ জুলাই মারামারির ঘটনায় আরও একটি জেব্রার মৃত্যু হয়। এছাড়া ২০২৪ সালের ৭ জুন এবং চলতি বছরের ২৭ মার্চ প্রসবকালীন জটিলতায় আরও ২টি জেব্রা মারা যায়। ফলে বর্তমানে বেঁচে রয়েছে মাত্র ১টি জেব্রা।

চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, ২০২৩ সালে রংপুর চিড়িয়াখানায় ২টি বাঘের বিনিময়ে ঢাকা জাতীয় চিড়িয়াখানা থেকে এক জোড়া জলহস্তী আনা হয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবারও প্রাণী বিনিময়ের মাধ্যমে জেব্রা সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ বলেন, “আগে জেব্রার জন্য যে জায়গা ছিল, সেটি খুব ছোট ছিল। এখন জায়গাটি বড় করা হয়েছে। সে কারণে নতুন করে জেব্রা আনার পরিকল্পনা করা হচ্ছে। আমরা আশা করছি, প্রাণী বিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় জেব্রা সংগ্রহ করা গেলে বর্তমানে একা থাকা মাদি জেব্রাটির জন্য সঙ্গী নিশ্চিত করার পাশাপাশি চট্টগ্রাম চিড়িয়াখানায় জেব্রার সংখ্যা আবারও বাড়ানো সম্ভব হবে।”

This post was viewed: 5

আরো পড়ুন