Skip to main content

Ridge Bangla

অটিজমে আক্রান্তদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরও অন্য সব নাগরিকের মতো পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে তাদের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, যথাযথ পরিচর্যা ও সহায়তার মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সমাজে সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ সময়োপযোগী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ সরবরাহ, বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন এবং সংশ্লিষ্ট আইন কার্যকরের মাধ্যমে সহায়ক পরিবেশ তৈরির কাজ চলছে।

তিনি আরও বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের খেলাধুলা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বাড়াতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে প্যারা-অলিম্পিকে অংশগ্রহণ বাড়াতে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

বাণীতে প্রধানমন্ত্রী অটিজমে আক্রান্ত ব্যক্তি, তাদের পরিবার, চিকিৎসক ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি শুভেচ্ছা জানান এবং দিবসের সব কর্মসূচির সফলতা কামনা করেন।

This post was viewed: 17

আরো পড়ুন