Skip to main content

Ridge Bangla

অজু করার সময় বজ্রাঘাতে মাদরাসার ৩ শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে মাদরাসায় অজু করার সময় বজ্রাঘাতে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছে।

রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান এবং একই এলাকার বাসিন্দা আবু জাফর। তাদের সবার বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। তারা পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী ছিল।

মাদরাসা ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের আগে মাদরাসায় অজু করছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় হঠাৎ বজ্রাঘাত হলে ৪ শিক্ষার্থী গুরুতর আহত হয়।

পরে তাদের দ্রুত উদ্ধার করে শিবপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদীর সিভিল সার্জন ডাক্তার বুলবুল কবির জানান, হাসপাতালে আনার আগেই বজ্রাঘাতে ওই ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। আহত অপর শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বর্তমানে আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থা ভালো এবং সে আশঙ্কামুক্ত রয়েছে বলেও জানান তিনি।

This post was viewed: 17

আরো পড়ুন