Ridge Bangla

অক্সিজেন মাস্ক খুলে ফেললেন ঢামেক কর্মচারী, শিশুর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে দালালের খপ্পরে পড়ে সাত মাস বয়সী শিশু হাসিব আহমেদ মিনহাজের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে ঘটা এ ঘটনায় হাসপাতালের সরকারি কর্মচারী মো. এনায়েত করিমকে আটক করে পুলিশে দেয় শিশুটির পরিবার।

গাজীপুরের বাসন এলাকায় বসবাসরত মিনহাজের পরিবার জানায়, তাদের একমাত্র সন্তান মিনহাজ গ্রামের বাড়িতে তার নানীর সঙ্গে থাকত। তার বাবা হেলাল মিয়া স্বর্ণের দোকানের কর্মচারী এবং মা মেঘলা খাতুন গার্মেন্টসকর্মী। মিনহাজ বেশ কিছু দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিডনির সমস্যা ধরা পড়ে। এরপর তাকে ঢাকায় আনা হয়।

ঢাকায় আনার পর বিভিন্ন হাসপাতালে ঘুরেও যথাযথ চিকিৎসা না পেয়ে তারা ঢামেক হাসপাতালে আসেন। সেখানে চিকিৎসকের পরামর্শে শিশু ওয়ার্ডে বেড খালি আছে কি না খুঁজতে গিয়ে তারা হাসপাতালের কর্মচারী ও বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নেওয়ার দালাল এনায়েত করিমের খপ্পরে পড়েন। এনায়েত তখন তাদের সঙ্গে শিশু ওয়ার্ড ঘুরে এসে চিকিৎসককে জানান, বেড খালি নেই।

এরপর তিনি মিনহাজের পরিবারকে দৈনিক ২৫ হাজার টাকার বিনিময়ে কাটাবনের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার প্রস্তাব দেন। অগত্যা নিরুপায় হয়ে মিনহাজের পরিবার সেই প্রস্তাবে রাজি হয়।

শিশুটির বাবা হেলাল মিয়ার অভিযোগ, চিকিৎসকরা এক মুহূর্তের জন্যও মিনহাজের অক্সিজেন মাস্ক না খোলার নির্দেশ দিয়েছিলেন। বিষয়টি এনায়েত করিমকেও জানানো হয়। তবে তিনি সেই নির্দেশ অমান্য করে অক্সিজেন মাস্ক খুলে ফেলেন এবং অ্যাম্বুলেন্সের খোঁজে দীর্ঘ সময় ঘোরাঘুরি করেন। পরে অ্যাম্বুলেন্সে তোলার সময় তারা বুঝতে পারেন মিনহাজ মারা গেছে।

ঘটনার পর অভিযুক্ত কর্মচারী পালানোর চেষ্টা করলে স্বজনরা তাকে আটক করে হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন। এ বিষয়ে শাহবাগ থানার পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 2

আরো পড়ুন