Ridge Bangla

অক্টোবর মাসে ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে ২৮ দিনে

চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ২৮ হাজার ৫৪৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। অর্থাৎ গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৮ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স।

বুধবার (২৯ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২১২ কোটি ৯০ লাখ ডলার, অর্থাৎ এক বছরে প্রবাহ বেড়েছে।

তিনি আরও বলেন, শুধু ২৮ অক্টোবর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় দাঁড়িয়েছে ৯৯২ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ৫০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।

এর আগে ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্স সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার ছুঁয়েছিল, যা ওই অর্থবছরের রেকর্ড আয়। পুরো অর্থবছরে মোট প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩–২৪ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

This post was viewed: 54

আরো পড়ুন