Skip to main content

Ridge Bangla

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হিরামন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হিরামন ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর এ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে হিরামন গোয়ালঘরে গরুর জন্য খাবার আনতে যান। এ সময় ঘরের ভেতরে চার্জে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরিবার ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, অটোরিকশাটি চার্জে দেওয়ার সময় বৈদ্যুতিক তারে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফলে অনাকাঙ্ক্ষিতভাবে হিরামনের শরীর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধিরাও শোকাহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

This post was viewed: 60

আরো পড়ুন