Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে বেতন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামের কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় অবস্থিত একটি ইলেকট্রনিক্স ও খেলনা উৎপাদনকারী কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন। রোববার (৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ‘গোল্ডেন সন লিমিটেড’ নামের কারখানার শতাধিক শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, মার্চ ও এপ্রিল—টানা দুই মাস ধরে তাদের বেতন দেওয়া হয়নি। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটছে। বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ জানান, সকালে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। বিক্ষোভের পর কর্তৃপক্ষ দ্রুত বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে বলেও তারা জানান।

This post was viewed: 62

আরো পড়ুন