চট্টগ্রামের হাটহাজারীতে স্বামীর সঙ্গে ঝগড়ার একদিন পর এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড় এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর নাম বাচু (২৫)। তিনি মৃত সিদ্দিক আহমেদের মেয়ে এবং গুরা মিয়ার স্ত্রী। বাচু ছিলেন তিন সন্তানের জননী—তার রয়েছে দুই মেয়ে ও এক ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বাচু তার স্বামীর সঙ্গে আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। সেখানে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে বাড়িতে ফিরে শনিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ জানান, “মরদেহ উদ্ধারের পর বাচুর স্বামী গুরা মিয়াকে আটক করা হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
স্থানীয়ভাবে এ ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।