Skip to main content

Ridge Bangla

নিষিদ্ধের হুমকি কমল হাসানকে, কিন্তু কেন?

দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা কমল হাসান সম্প্রতি কর্ণাটকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে কর্ণাটকবাসীরা তাকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন। এমনকি মুখে কালি মাখানোর হুমকিও এসেছে। মূলত কন্নড় ভাষা সম্পর্কে একটি মন্তব্যের জেরে এই বিতর্কের সূত্রপাত।

এক অনুষ্ঠানে কমল হাসান মন্তব্য করেন, “কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে।” এই মন্তব্য কর্ণাটকবাসীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্নড় অভিনেতা শিবাজীকুমারও। কমল হাসান বলেন, “তামিল আমার জীবন, আমার পরিবার। শিবাজীকুমারও আমাদের পরিবারের অংশ। কারণ তার ভাষাও তামিল থেকেই জন্ম নিয়েছে।”

এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকে মন্তব্য করেন, কমলের ইতিহাস জেনে কথা বলা উচিত। একজন কন্নড় নাগরিক বলেন, “কন্নড় ভাষার ইতিহাস ২০০০ বছরের, এটি পৃথিবীর প্রাচীনতম ভাষাগুলোর একটি।”

কন্নড় রক্ষণশীল গোষ্ঠীর নেতা প্রবাণ শেট্টি বলেন, “কমল হাসান কর্ণাটকে ব্যবসা করতে চান, আবার আমাদের ভাষার অপমান করেন? আমরা তার মুখে কালি মাখাতে প্রস্তুত ছিলাম, কিন্তু তিনি পালিয়ে গেছেন। এভাবে চলতে থাকলে তার সিনেমা রাজ্যে নিষিদ্ধ করা হবে।”

এ ঘটনায় এখন পর্যন্ত কমল হাসান কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে বিতর্কটি ক্রমেই বাড়ছে এবং দক্ষিণ ভারতের দুই ভাষা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

This post was viewed: 47

আরো পড়ুন