Skip to main content

Ridge Bangla

জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন

মাত্র ২৪ বছর বয়সে মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। বরিশালের আঞ্চলিক ভাষায় প্রাণবন্ত অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেন তিনি। নাটকপ্রেমীদের কাছে তার নাম আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়।

গত বছর ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান গুণী এই অভিনেতা। ২২ এপ্রিল ছিল তার প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ফিরে দেখা যাক মৃত্যুর আগে দেওয়া রুমির শেষ সাক্ষাৎকারে তিনি কী বলেছিলেন।

সর্বশেষ তাকে দেখা গিয়েছিল সাত পর্বের ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’-এ। এ নাটক এবং তার ক্যারিয়ার নিয়ে এক সাক্ষাৎকারে রুমি বলেছিলেন, “একজন অভিনেতা সবসময় চাতক পাখির মতো তাকিয়ে থাকে এমন এক চরিত্রের দিকে, যা মানুষের মনের ক্ষুধা মেটাতে পারে। আমার কাছে তেমনি একটি চরিত্র হলো ‘হাবুর স্কলারশিপ’ নাটকের কুদরত মাস্টার।”

তিনি আরও বলেন, “নাটকে শিক্ষক ও ছাত্রের সম্পর্কটি পিতা-পুত্রের মতো করে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পটি দারুণ, সময় উপভোগ করার মতো।”

১৯৬৪ সালের ২৪ অক্টোবর বরগুনা জেলায় জন্মগ্রহণ করেন রুমি। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক এবং মা হামিদা হক। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট।

রুমির অভিনীত প্রথম নাটক ছিল ‘এখন ক্রীতদাস’। পরে ছোট পর্দায় অভিষেক ঘটে ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে। ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখলেও, দর্শকের মনে জায়গা করে নেন মূলত টেলিভিশনের মাধ্যমে। বিশেষ করে বরিশালের আঞ্চলিক ভাষায় তার করা নাটকগুলোই তাকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়।

মৃত্যুর আগে পর্যন্ত অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসা ও নিষ্ঠা ছিল এই শিল্পীর। তার মৃত্যুতে শূন্যতা তৈরি হলেও, দর্শকের হৃদয়ে রুমি আজও বেঁচে আছেন তার অনবদ্য কাজের মাধ্যমে।

This post was viewed: 74

আরো পড়ুন