Skip to main content

Ridge Bangla

শ্রীলঙ্কায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ওয়ালটন ব্র্যান্ড

বাংলাদেশের গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন এবার শ্রীলঙ্কার বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। রাজধানী কলম্বোর সিনামন লাইফ হোটেলে আয়োজিত ‘গ্র্যান্ড লঞ্চিং অব ওয়ালটন ব্র্যান্ড’ অনুষ্ঠানের মাধ্যমে এই যাত্রার সূচনা হয়। গত ১৯ মে, সোমবার ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার ‘মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিক ট্রেডিংয়ের এমডি ড. ওয়াসালা মাদুওয়ান্থা আরিয়াপালা, বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব, শ্রীলঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা এবং ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি। অনুষ্ঠানে অংশ নেন চার শতাধিক পরিবেশক।

এস এম মাহবুবুল আলম বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ওয়ালটন ইতোমধ্যেই শ্রীলঙ্কায় পরিচিত নাম হয়ে উঠেছে। এবার ব্যবসায়িক কার্যক্রম শুরু করে তারা নতুন সম্ভাবনার দরজা খুলেছে। তিনি জানান, পণ্যের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নে ওয়ালটন চীন ও দক্ষিণ কোরিয়ায় নিজস্ব গবেষণা কেন্দ্র স্থাপন করেছে।

ওয়ালটনের ফ্রিজ, টিভি এবং এসিতে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ইন্টারনেট অব থিংস (IoT) সংযুক্ত রয়েছে।

মনিক ট্রেডিংয়ের এমডি ড. আরিয়াপালা বলেন, গুণগতমান, প্রযুক্তি, টেকসইতা ও মূল্য—সব দিক থেকেই ওয়ালটন এগিয়ে রয়েছে এবং খুব শিগগিরই শ্রীলঙ্কার সহস্রাধিক সেলস আউটলেটে ওয়ালটন পণ্য পাওয়া যাবে।

বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব বলেন, এই উদ্যোগ বাংলাদেশ থেকে রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

উল্লেখ্য, ওয়ালটন বর্তমানে ৫০টিরও বেশি দেশে ব্যবসা পরিচালনা করছে। শ্রীলঙ্কায় তাদের আনুষ্ঠানিক যাত্রা বৈশ্বিক সম্প্রসারণে একটি নতুন মাইলফলক।

This post was viewed: 60

আরো পড়ুন