Ridge Bangla

লিবিয়ায় তীব্র সংঘর্ষ, ঘরে থাকার নির্দেশ

লিবিয়ার রাজধানী ত্রিপলিতে ভয়াবহ সংঘর্ষের কারণে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এতে নিহত হয়েছেন সশস্ত্র গোষ্ঠী স্টেবিলিটি সাপোর্ট অথরিটির (এসএসএ) নেতা আবদেল ঘানি আল-কিকলি, যিনি ‘ঘেনিওয়া’ নামে পরিচিত। তার মৃত্যুর পর প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন জরুরি লকডাউন জারি করেছে। আলজাজিরার খবরে বলা হয়, সোমবার রাত থেকে ত্রিপোলির একাধিক এলাকায় ভারী গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জাতিসংঘের লিবিয়া মিশন (ইউএনএসএমআইএল) পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ছয়জন আহত হয়েছেন। তবে তারা সাধারণ নাগরিক না নিরাপত্তা বাহিনীর সদস্য, তা নিশ্চিত হওয়া যায়নি।

জাতীয় ঐক্যের সরকারের (জিএনইউ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় নিরাপত্তাজনিত কারণে সব বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ত্রিপলির আবু সালিম এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, সশস্ত্র ব্যক্তিরা রাস্তায় টহল দিচ্ছেন এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

This post was viewed: 44

আরো পড়ুন