Ridge Bangla

গাজায় সাংবাদিক হত্যা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, নিহত ২১১ জন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২১১ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে ২৮ জন নারী সাংবাদিক রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় (OHCHR)।

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (২ মে) জাতিসংঘ এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করে এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সাংবাদিকদের ওপর সহিংসতা ও হত্যা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ জানায়। এ তথ্য তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির বরাতে উঠে এসেছে।

ইউনেস্কোর তথ্যমতে, গাজায় দায়িত্ব পালনের সময় অন্তত ৪৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার পর্যন্ত ৪৯ জন সাংবাদিক ইসরায়েলের আটক কেন্দ্রে বন্দি রয়েছেন।

জাতিসংঘকে দেওয়া এক সাংবাদিকের সাক্ষ্য অনুযায়ী, প্রেস ভেস্ট বা পরিচয়পত্র সাংবাদিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে, বরং তারা হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে সাংবাদিকদের টার্গেট করছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

আনাদোলু এজেন্সি আরও জানায়, ইসরায়েলের হেফাজত থেকে মুক্তি পাওয়া সাংবাদিকরা জাতিসংঘকে জানিয়েছেন, তাদেরকে আটক রেখে জিজ্ঞাসাবাদের সময় শারীরিক নির্যাতন, অপমান এবং এমনকি যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হতে হয়েছে।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, এই নির্যাতন, দমননীতি এবং পরিকল্পিত নিপীড়নমূলক তৎপরতা মূলত ফিলিস্তিনি গণমাধ্যমকে স্তব্ধ করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকারের জন্য গভীর হুমকি।

This post was viewed: 42

আরো পড়ুন