আসন্ন ঈদুল আজহায় মৌলভীবাজার জেলায় কোরবানির জন্য প্রস্তুত ৮০ হাজার ৬৩৭টি গবাদিপশুর মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছে ১ টন ১৫০ কেজি ওজনের ষাঁড় ‘তুফান’।
জেলার শ্রীমঙ্গল উপজেলার জেটি রোডে ইংল্যান্ড প্রবাসী মীর মিনহাজ নাসিরের মালিকানাধীন ‘বিসমিল্লাহ শ্রীমঙ্গল এগ্রো’ খামারে পালিত এই ষাঁড়টির উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি ও দৈর্ঘ্য প্রায় ১১.৫ ফুট। গরুটির দাম হাঁকা হয়েছে ১৩ লাখ টাকা।
খামারের ডিজিএম আরিফ হোসেন জানান, ছয় বছর বয়সী ‘তুফান’ ছাড়া খামারে আরও ৩০–৩২টি গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। সব গরুই দেশীয় খাদ্যে বড় করা হয়েছে—যেমন ডাল, ঘাস ও ভাতের মাড়। কোনো ফিড বা কৃত্রিম ওষুধ ব্যবহার করা হয়নি।
প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা খামারে এসে ‘তুফান’ ছাড়াও অন্যান্য বৃহদাকার গরু—‘সাদা বাদশা’ ও ‘কালা বাদশা’ দেখতে এবং দরদাম করতে আসছেন।
জেলা প্রাণিসম্পদ অফিস জানিয়েছে, এ বছর জেলার পশু চাহিদা ৭৯ হাজার ৯২৯টি হলেও প্রস্তুত রয়েছে ৮০ হাজার ৬৩৭টি পশু। এর মধ্যে রয়েছে ৪৬,৫৮০টি গরু, ১,২৭২টি মহিষ, ২৮,৬২২টি ছাগল ও ৪,১৬৩টি ভেড়া। ফলে কোরবানির পশুর কোনো ঘাটতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান।