Ridge Bangla

মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ট্রাম্প, সফর তালিকায় সৌদি, কাতার ও আমিরাত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসের ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত মধ্যপ্রাচ্যের তিন দেশ—সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। সফরের আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার (২২ এপ্রিল) দেওয়া হলেও সফরসূচি বা আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ সফরে ইসরায়েল না থাকায় রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কারণ গাজা যুদ্ধ ও ফিলিস্তিনি পুনর্বাসন ইস্যুতে আরব নেতারা ইতোমধ্যেই ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাম্প কিছুদিন আগে গাজা থেকে ফিলিস্তিনিদের আফ্রিকায় পুনর্বাসনের প্রস্তাব দিয়েছিলেন, যা আরব বিশ্বে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

হোয়াইট হাউস সূত্র জানায়, প্রেসিডেন্টের এই সফর শুধুমাত্র কূটনৈতিক সৌজন্য নয়, বরং এটি জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা চুক্তি এবং অর্থনৈতিক বিনিয়োগে অংশীদারিত্বকে ঘিরে একটি কৌশলগত পদক্ষেপ। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই সফরকে পারস্য উপসাগরে ইরানের প্রভাব ঠেকাতে সৌদি, কাতার, আমিরাত ও ইসরায়েলকে নিয়ে সম্ভাব্য একটি জোট গঠনের সূচনা হিসেবেও দেখছেন।

বিশ্লেষকরা বলছেন, এই সফরের একটি অন্যতম উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি উচ্চপ্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদার করা। পাশাপাশি মার্কিন শুল্কনীতি ও বাণিজ্য দ্বন্দ্বের প্রেক্ষাপটে অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি ট্রাম্পের দ্বিতীয় বিদেশ সফর হবে। এর আগে তিনি ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

This post was viewed: 42

আরো পড়ুন