Ridge Bangla

ট্রাম্পের কাতার সফরে ২৪৩.৫ বিলিয়ন ডলারের চুক্তি

কাতারের সঙ্গে ২৪৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের বিশাল অঙ্কের চুক্তি স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দোহা সফরের সময় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এসব চুক্তি সম্পন্ন হয়।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, ট্রাম্প ও শেখ তামিমের মধ্যে স্বাক্ষরিত এসব চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে অন্তত ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে।

এই চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ বোয়িংয়ের কাছ থেকে মার্কিন নির্মিত বিমান ক্রয় করবে। অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ চুক্তি ছাড়াও প্রাকৃতিক গ্যাস এবং কোয়ান্টাম প্রযুক্তি সংক্রান্ত সমঝোতায় পৌঁছেছে উভয় দেশ।

চুক্তিতে আরও বলা হয়েছে, কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে যৌথ বিনিয়োগ, বিমান প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে ভবিষ্যতে ৩৮ বিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগের রূপরেখা নির্ধারণে এক মতবিনিময় হয়েছে।

আল-জাজিরার বরাতে জানা গেছে, কাতার এয়ারওয়েজ বোয়িং ও জিই অ্যারোস্পেসের সঙ্গে ২১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং জিই ইঞ্জিনচালিত ৭৭৭এক্স বিমান কেনার জন্য ৯৬ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। পাশাপাশি, কাতার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানি রেথিয়নের কাছ থেকে ১ বিলিয়ন ডলারের ‘কাউন্টার-ড্রোন’ সিস্টেম ও জেনারেল অ্যাটমিক্সের কাছ থেকে ২ বিলিয়ন ডলারের এমকিউ-৯বি ড্রোন ক্রয় করবে।

This post was viewed: 39

আরো পড়ুন