Skip to main content

Ridge Bangla

বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ট্রাম্প প্রশাসন

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিক্ষা খাতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন। সর্বশেষ, তার প্রশাসন এক নির্দেশনার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে F, M, এবং J ক্যাটাগরির শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিসার সাক্ষাৎকার সূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে বলেছে।

এই নির্দেশনার পাশাপাশি আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা যাচাইয়ের প্রক্রিয়াও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, এ স্থগিতাদেশ “পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত” কার্যকর থাকবে।

একই দিনে ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারি আর্থিক চুক্তিগুলো বাতিলের ঘোষণা দেয়। এসব চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়টি প্রায় ১০ কোটি ডলারের তহবিল পেত। দ্য গার্ডিয়ানবিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তও মার্কিন উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় প্রভাব ফেলবে।

সাক্ষাৎকার স্থগিত সংক্রান্ত কেবল বার্তায় জানানো হয়েছে, দূতাবাসগুলো নতুন করে কোনো শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিসার অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারবে না। এতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীর ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারির অংশ হিসেবে কনসুলার অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে—ভিসা আবেদনকারীর ‘সন্ত্রাসী কার্যক্রম বা সংশ্লিষ্ট সংগঠনের প্রতি সমর্থন’ সম্পর্কিত পোস্ট খুঁজে বের করতে। এমনকি মুছে ফেলা পোস্টগুলোর স্ক্রিনশটও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানিয়েছেন, ইতোমধ্যে কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে, হার্ভার্ডের মতো প্রতিষ্ঠানে যাদের এক-চতুর্থাংশ শিক্ষার্থী বিদেশি, তারা ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে।

This post was viewed: 38

আরো পড়ুন