Skip to main content

Ridge Bangla

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন চালু, জাতীয় গ্রিডে যুক্তের প্রস্তুতি সম্পন্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য প্রয়োজনীয় ৪০০ কেভি সঞ্চালন লাইন সফলভাবে চালু হয়েছে। সোমবার (২ জুন) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পিজিসিবির তথ্য অনুযায়ী, ‘রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন’ চালুর মাধ্যমে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের সক্ষমতা অর্জন করলো বাংলাদেশ। ১৫৮ কিলোমিটার দীর্ঘ এই লাইনে রয়েছে ৪১৪টি টাওয়ার, যা দেশের বিদ্যুৎ অবকাঠামোয় বড় একটি সংযোজন।

এর আগে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তুতির অংশ হিসেবে আরও দুটি হাইভোল্টেজ সঞ্চালন লাইন চালু করা হয়েছিল। ২০২২ সালের ৩০ জুন চালু হয় ‘রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভি লাইন’ এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল চালু হয় ‘রূপপুর-বগুড়া ৪০০ কেভি লাইন’।

নতুন চালু হওয়া গোপালগঞ্জ লাইনের সঙ্গে এই দুই লাইন মিলিয়ে রূপপুর কেন্দ্রের তিনটি প্রধান সঞ্চালন পথ এখন প্রস্তুত, প্রতিটির সঞ্চালন ক্ষমতা ২ হাজার মেগাওয়াট।

এই উন্নয়ন দেশের জ্বালানি নিরাপত্তা এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে নতুন সম্ভাবনার দুয়ার খুললো। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় শিল্প ও আবাসিক খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উল্লেখযোগ্য অগ্রগতি আশা করা হচ্ছে।

This post was viewed: 106

আরো পড়ুন