Skip to main content

Ridge Bangla

পদ্মা নদীতে টর্নেডোর দৃশ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীর ওপর টর্নেডোর মতো ঘূর্ণাবর্তের এক ভয়াবহ প্রাকৃতিক দৃশ্য দেখা গেছে, যা স্থানীয়দের ধারণ করা ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে, উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায়।

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, পদ্মা নদীর পানি হঠাৎ করে ঘূর্ণির মতো আকাশের দিকে উঠে যাচ্ছে, যা দেখতে টর্নেডোর মতো। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে হঠাৎ নদীর পানির গতিবিধি অস্বাভাবিক হয়ে পড়ে এবং পানির স্তম্ভ আকাশের দিকে উঠতে দেখা যায়। এতে অনেকেই ভীত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো দৃশ্যটি প্রায় ১০ মিনিট স্থায়ী ছিল।

দৃশ্যটি অনেকেই মোবাইলে ধারণ করে ফেসবুকে শেয়ার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে। যদিও ঘটনাটি ভয়াবহ মনে হলেও এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন ইউএনও।

তিনি বলেন, “ঘটনাটি সত্য। বিকেলের দিকে এমন একটি প্রাকৃতিক ঘটনা ঘটেছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”

This post was viewed: 50

আরো পড়ুন