Skip to main content

Ridge Bangla

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে বুধবার (১৮ জুন) দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাতে প্রকাশিত এক পূর্বাভাসে এ সতর্কতা দেওয়া হয়।

পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ১৭ জুন থেকে শুরু করে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের মধ্যে থাকে, সেটিকে ‘ভারী বৃষ্টিপাত’ ধরা হয়। আর ৮৮ মিলিমিটারের বেশি হলে সেটিকে ‘অতি ভারী বৃষ্টিপাত’ হিসেবে গণ্য করা হয়। ফলে কিছু এলাকায় জলাবদ্ধতা ও নদ-নদীর পানি বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

This post was viewed: 57

আরো পড়ুন