Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের ট্রাম্পবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রজুড়ে আবারও ব্যাপক আকারে ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও শিকাগোসহ প্রধান শহরগুলোর রাজপথে নেমে আসে হাজারো মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা এই কর্মসূচি পালন করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নিয়ে গৃহীত অবস্থানের প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক আদর্শকে ক্ষতিগ্রস্ত করছে।

হোয়াইট হাউসের সামনেও এক বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হাতে নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে লোকজন বিক্ষোভে অংশ নেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল: ‘ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধ করো’, ‘অভিবাসীদের স্বাগত জানাও’, ‘শ্রমিকদের অধিকারের পক্ষে’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’। অনেকে ফিলিস্তিন ও ইউক্রেনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন।

এটি ছিল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর পর দেশজুড়ে দ্বিতীয় বিক্ষোভ। এর আগে ৫ এপ্রিল ‘ইনডিভিজিবল’ নামের একটি নাগরিক অধিকার বিষয়ক সংগঠনের উদ্যোগে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে একযোগে প্রায় ১,২০০টি স্থানে বিক্ষোভ হয়েছিল। সেই কর্মসূচির নাম ছিল ‘হ্যান্ডস অফ’, যার বাংলা অর্থ হতে পারে- ‘আমাদের নিজের মতো থাকতে দাও’। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে কমছে।

This post was viewed: 57

আরো পড়ুন