Skip to main content

Ridge Bangla

বিশ্বসুন্দরীর মুকুট এবার থাইল্যান্ডের সুশাতার মাথায়

৭২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ের মুকুট উঠেছে থাইল্যান্ডের ওপাল সুশাতা চুয়াংস্রির মাথায়। ৩১ মে ভারতের তেলেঙ্গানার হাইটেক্স এক্সিবিশন সেন্টারে আয়োজিত হয় এবারের ফাইনাল আয়োজন। ২২ বছর বয়সী এই থাই সুন্দরী বিশ্বের ১০৮টি দেশের প্রতিনিধিদের পেছনে ফেলে জয়ী হন।

গত বছরের মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা স্বরূপ যথারীতি বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে তাকে শুভেচ্ছা জানান। মঞ্চজুড়ে তখন উচ্ছ্বাস ও গর্বের আবহে ভরে ওঠে অনুষ্ঠানস্থল।

প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন ইথিওপিয়ার হাসেট দেরেজে আদামাসু এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লায়ডা। এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাবেক মিস ওয়ার্ল্ড স্টেফানি ডেল ভালে ও ভারতীয় উপস্থাপক সাচিন কুম্ভার।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সুন্দরীরা এক মাসব্যাপী নানা কার্যক্রমে অংশ নেন—ঐতিহাসিক স্থান পরিদর্শন, সাংস্কৃতিক পরিবেশনা, নারী ক্ষমতায়ন বিষয়ে আলোচনা এবং সামাজিক উদ্যোগে অংশগ্রহণ ছিল এর অংশ। মূল পর্বে পৌঁছাতে প্রতিযোগীদের ‘হেড-টু-হেড চ্যালেঞ্জ’, ‘বিউটি উইথ অ্যা পারপাস’, ‘ট্যালেন্ট শো’, ‘টপ মডেল’, ‘স্পোর্টস’ এবং ‘মাল্টিমিডিয়া’ বিভাগে পারফর্ম করতে হয়।

সেখান থেকেই নির্বাচিত হয় কোয়ার্টার ফাইনালের ৪০ জন, পরে টপ ১০, টপ ৫ এবং চূড়ান্ত দুইজন।

সুশাতা এর আগে ২০২৪ সালে ‘মিস ইউনিভার্স থাইল্যান্ড’ খেতাব অর্জন করেন এবং মেক্সিকো সিটিতে আয়োজিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তৃতীয় রানারআপ হন। এবার ‘মিস ওয়ার্ল্ড’ হয়ে দেশের জন্য অনন্য গৌরব বয়ে আনলেন তিনি।

This post was viewed: 60

আরো পড়ুন