Skip to main content

Ridge Bangla

তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে এবং দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচদিন বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্তমানে চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলাগুলোর ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যান্য অঞ্চলগুলোতেও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় এই তাপপ্রবাহ অব্যাহত থাকলেও, এরপর তা কিছুটা প্রশমিত হতে পারে।

সোমবার (১২ মে) পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।

মঙ্গলবার (১৩ মে) এবং বুধবার (১৪ মে) পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এসব দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

বৃহস্পতিবার (১৫ মে) পর্যন্ত ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সামনের দিনগুলোতে বৃষ্টি বাড়তে পারে এবং তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে, যা দেশের মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারে।

This post was viewed: 71

আরো পড়ুন