Ridge Bangla

ঈদের আগেই তেলের দাম বাড়াল টিসিবি, লিটারে ১৩৫ টাকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২২ মে) থেকে সারাদেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। তবে ঈদের আগেই স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ৩৫ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করেছে টিসিবি।

এছাড়াও মসুর ডালের দাম প্রতি কেজিতে ৬০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা এবং চিনির দাম ৭০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা করা হয়েছে। এক মাসের ব্যবধানে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, বিশেষ করে নিম্নআয়ের মানুষের মধ্যে।

টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে ২২ মে থেকে ৩ জুন পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিনসহ) প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, প্রতিটি বিভাগীয় শহরে ১০টি করে এবং ৫৬টি জেলা শহরে ১০টি করে ট্রাক থাকবে।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ ভোক্তারাও এই পণ্য কিনতে পারবেন। তবে প্রতি ক্রেতা সর্বোচ্চ ২ লিটার তেল, ১ কেজি চিনি এবং ২ কেজি ডাল কিনতে পারবেন।

This post was viewed: 42

আরো পড়ুন