Skip to main content

Ridge Bangla

পাওনা টাকা নিয়ে ঝগড়ায় ঝালমুড়ি বিক্রেতার হাতে প্রাণ হারালেন মসলা বিক্রেতা

কুড়িগ্রামের উলিপুরে পাওনা টাকা নিয়ে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক মসলা বিক্রেতা।
ঘটনাটি ঘটে রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের কুড়ারপাড় এলাকায়। নিহত মাহবুল হোসেন (৪৫) উপজেলার বাবুপাড়া এলাকার বাসিন্দা, তিনি বানু শেখের ছেলে। অভিযুক্ত আলেপ উদ্দিন (৫০) একই ইউনিয়নের কুড়ারপাড় গ্রামের আছম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাহবুল হোসেন গ্রামে ফেরি করে মসলা বিক্রি করতেন, আর আলেপ উদ্দিন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। কাজের সুবাদে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে, যার ফলে মাহবুল আলেপের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন।

রোববার মাহবুল আলেপ উদ্দিনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আলেপ তাকে পাওনা টাকা ফেরত দিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলেপ উদ্দিন তার হাতে থাকা ছুরি দিয়ে মাহবুলকে আঘাত করেন।

স্থানীয়রা গুরুতর আহত মাহবুলকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে এবং অভিযুক্ত আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

This post was viewed: 74

আরো পড়ুন