Skip to main content

Ridge Bangla

রাজনৈতিক কারণে কনসার্ট থেকে বাদ দেওয়া হয়েছে: অভিযোগ কণ্ঠশিল্পী ন্যান্সির

বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির। অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায়। তবে এর আগের দিন, মঙ্গলবার রাতে তাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন এই গায়িকা।

একটি ফেসবুক স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, “আজ সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা ছিল। গত রাতে জানতে পারি, আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।”

তিনি জানান, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুয়েট ক্লাবের সভাপতি পদপ্রার্থী শিল্পীদের তালিকা দেখে দুইটি রাজনৈতিক গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তারা স্পষ্ট জানায়, রাজনীতির সঙ্গে যুক্ত কেউ পারফর্ম করলে তারা অনুষ্ঠান বয়কট করবে। ন্যান্সিকে এ তথ্য জানানো হয় হোয়াটসঅ্যাপ মেসেজে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ন্যান্সি বলেন, “বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানলেন? একজন শিল্পীকে শুধুমাত্র মতের কারণে এভাবে অসম্মান করা কি ঠিক? আমি তো নিজে থেকে এই অনুষ্ঠানে অংশ নিতে বলিনি, বরং আপনারাই আমন্ত্রণ জানিয়েছিলেন।”

তিনি আরও লেখেন, “আপনারা অনুষ্ঠান প্রচারের জন্য একটি প্রমো ভিডিওও তৈরি করেছিলেন, যেখানে আমাকে ‘মেলোডি কুইন’ বলেও উল্লেখ করেছেন। এখন সেই শিল্পীকেই অপমান করছেন।”

সর্বশেষে আয়োজকদের উদ্দেশে ন্যান্সি বলেন, “অনুগ্রহ করে নিয়ম অনুযায়ী আমার সম্মানী দ্রুত বাসায় পাঠিয়ে দেবেন।”

This post was viewed: 74

আরো পড়ুন