Skip to main content

Ridge Bangla

নিঃশব্দে ‘ব্ল্যাক আউট’ দক্ষিণাঞ্চলের ২১ জেলায়

পূর্ব কোনো ঘোষণা ছাড়াই শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৮ মিনিটে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলা হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়ে। জাতীয় গ্রিডে ত্রুটি দেখা দেওয়ায় এই ‘ব্ল্যাক আউট’-এর ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) জানিয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে শেষ খবর পর্যন্ত খুলনাসহ অন্তত ১০টি জেলায় এখনও বিদ্যুৎ ফেরেনি।

ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী জানান, গোপালগঞ্জের আমিন বাজার এলাকায় জাতীয় গ্রিডে সমস্যা হওয়ায় এই বিপর্যয় ঘটে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলেও তিনি জানান।

ওজোপাডিকোর এনার্জি, সিস্টেম কন্ট্রোল অ্যান্ড সার্ভিসেস দপ্তরের প্রধান প্রকৌশলী মো. রোকনউজ্জামান বলেন, ওজোপাডিকোর আওতায় থাকা ২১ জেলাতেই আজ বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়েছে।

এদিকে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দুইজন দায়িত্বশীল ব্যক্তি বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, এটি কারিগরি ত্রুটির কারণে হয়েছে। গ্রিড বন্ধ হয়ে যাওয়ার পর পায়রা ও রামপালের মতো বড় বড় বিদ্যুৎকেন্দ্রও বন্ধ হয়ে যায়। ফলে গ্রিড চালু করার পরও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে।

পিজিসিবির নির্বাহী পরিচালক মো. আব্দুল মোনায়েম চৌধুরী জানান, গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ ২০ মিনিট পুরোপুরি বন্ধ ছিল। এরপর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হচ্ছে এবং একে একে বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করা হচ্ছে। এরই মধ্যে পায়রা বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে।

This post was viewed: 64

আরো পড়ুন