Skip to main content

Ridge Bangla

ঈদের ছুটি শেষে অনুশীলনে শান্তরা

গত শনিবার সারা দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে সংক্ষিপ্ত ছুটিতে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে বিশ্রামের সময় ছিল সংক্ষিপ্ত, কারণ সামনে শ্রীলঙ্কা সফর। চলতি মাসের ১৭ জুন শুরু হচ্ছে পূর্ণাঙ্গ সিরিজ, যার শুরুতে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজ খেলতে বাংলাদেশ দল ১৩ জুন দেশ ছাড়বে।

এই সিরিজকে সামনে রেখে সোমবার (৯ জুন) থেকে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টা থেকে শুরু হয় প্রস্তুতি পর্ব। প্রথম দিন থেকেই উপস্থিত ছিলেন পুরো কোচিং স্টাফ। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন এবং পেস বোলিং কোচ শন টেইট নিবিড়ভাবে ক্রিকেটারদের পর্যবেক্ষণ ও নির্দেশনা দেন।

প্রথম দিনের অনুশীলনে অংশ নেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক। মঙ্গলবারও ক্যাম্প চলবে। এরপর বুধবার ও বৃহস্পতিবার আয়োজন করা হবে লাল বলের একটি প্রস্তুতি ম্যাচ, যেখানে অংশ নেবেন জাতীয় দলের টেস্ট স্কোয়াড ও বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা।

এদিকে শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে প্রায় দুই বছর পর ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার এবাদত হোসেন চৌধুরী। অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

This post was viewed: 51

আরো পড়ুন