Skip to main content

Ridge Bangla

আরিফিন শুভর ‘নীলচক্র’-র জন্য শাকিব খানের আন্তরিক শুভকামনা

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’ প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকদের বিপুল আগ্রহে দেশের বিভিন্ন হলে সিনেমাটির প্রদর্শনী বাড়ানো হয়েছে। তবে নিজের সাফল্যের মধ্যেও ঢালিউডের ‘কিং খান’ শাকিব খান সহকর্মীদের পাশে দাঁড়াতে ভুলছেন না।

সোমবার (৯ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঈদে মুক্তিপ্রাপ্ত আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমার একটি পোস্টার শেয়ার করে শাকিব খান লেখেন, “নীলচক্র টিমের জন্য শুভকামনা।” এই পোস্ট ইতোমধ্যে ৭২ হাজারের বেশি রিঅ্যাকশন এবং তিন হাজারের বেশি মন্তব্য পেয়েছে।

শাকিবের এমন সহনশীল ও উদার মনোভাব ভক্তদের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে। মন্তব্যে অনেকেই লিখেছেন, “এইভাবেই নতুনদের পাশে থাকুন”, “আপনি সত্যিকারের কিং”, “বাংলা সিনেমার ঐক্য আপনি তুলে ধরেছেন।”

শাকিবের এই শুভকামনার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘নীলচক্র’-এর পরিচালক মিঠু খান। তিনি নিজের টাইমলাইনে শাকিবের পোস্টটি শেয়ার করে লেখেন, “এই প্রাপ্তি অসাধারণ। আপনি বাংলা সিনেমার ধারক ও বাহক। সামনে আপনার কাছ থেকেই আরও বড় চমক পাবো, সেটাই প্রত্যাশা।”

প্রযুক্তিনির্ভর তরুণ প্রজন্ম ও প্রতারণার জাল ঘিরে গড়ে ওঠা ‘নীলচক্র’ ছবিতে আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু এবং প্রিয়ন্তী ঊর্বী।

উল্লেখ্য, ২০২৩ সালের ঈদেও মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’ ছবির জন্য শুভকামনা জানিয়েছিলেন শাকিব, তখন তার নিজের ছবি ‘প্রিয়তমা’ ছিল আলোচনার শীর্ষে।

This post was viewed: 61

আরো পড়ুন