Skip to main content

Ridge Bangla

লন্ডনে বসছে শাহরুখ-কাজলের ব্রোঞ্জ মূর্তি

শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (DDLJ)’ হতে চলেছে প্রথম ভারতীয় ছবি, যার মূর্তি স্থাপন হচ্ছে লন্ডনের বিখ্যাত লিসেস্টার স্কোয়ারে। এটি ভারতীয় সিনেমার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।

‘সিনস ইন দ্য স্কোয়্যার মুভি ট্রেইল’-এর অংশ হিসেবে ছবিতে রাজ-সিমরনের একটি আইকনিক মুহূর্তের ব্রোঞ্জের মূর্তি বসানো হচ্ছে এই বসন্তেই। বলিউডের এই চিরসবুজ ভালোবাসার গল্প এবার জায়গা করে নিচ্ছে হ্যারি পটার, মি. বিন, মেরি পপিনস-এর পাশে—একেবারে আন্তর্জাতিক সিনেমার মানচিত্রে।

আয়োজক সংস্থা ‘হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালিয়েন্স’ জানিয়েছে, ‘ডিডিএলজে’-এর ৩০ বছর পূর্তির শ্রদ্ধাঞ্জলি হিসেবে এই মূর্তি স্থাপন করা হচ্ছে। ছবির অনেক দৃশ্যে দেখা গিয়েছিল লন্ডনের টাওয়ার ব্রিজ, কিংস ক্রস স্টেশন, হাইড পার্ক এবং লিসেস্টার স্কোয়ার। এবার সেই প্রেমের শহরেই প্রেমের ইতিহাস লেখা হচ্ছে।

সংস্থার ডেপুটি চিফ মার্ক উইলিয়ামস বলেন, “শাহরুখ-কাজল আন্তর্জাতিক সিনেমার কিংবদন্তি। ‘ডিডিএলজে’ শুধু বলিউড নয়, বিশ্বের অন্যতম সফল সিনেমা। এই ছবিতেই প্রথমবার লেস্টার স্কোয়ারের দৃশ্য ছিল। মূর্তিটি শুধু বলিউডের নয়, লন্ডনের বৈচিত্র্যকেও উদ্যাপন করছে।”

যশরাজ ফিল্মসের অন্যতম কর্ণধার অক্ষয় উইধানি বলেন, “যখন ‘ডিডিএলজে’ মুক্তি পায়, তখনই এ ছবি বলিউডকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে সক্ষম হয়েছিল। তাই এই ব্রোঞ্জ মূর্তি শুধু সম্মান নয়, এটা একটি সাংস্কৃতিক সেতুবন্ধন। আজও সেই প্রেমের গল্প মানুষ বিশ্বাস করে।”

‘ডিডিএলজে’র শুটিং হয়েছিল লন্ডনের কিংস ক্রস স্টেশন, টাওয়ার ব্রিজ, হাইড পার্ক ও হর্সগার্ডস অ্যাভিনিউসহ একাধিক স্পটে। এবার লন্ডনের সিনেমার রাজপথও সেই মুহূর্তগুলোর সাক্ষী হতে চলেছে।

২০২৫ সালের ২০ অক্টোবর ম্যানচেস্টার অপেরা হাউসে প্রিমিয়ার হতে চলেছে ‘কাম ফল ইন লাভ – দ্য ডিডিএলজে মিউজিক্যাল’-এর।

This post was viewed: 40

আরো পড়ুন