Skip to main content

Ridge Bangla

মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজে ডাকাতি

মোংলা সমুদ্র বন্দরের পশুর চ্যানেলে নোঙর করা বাণিজ্যিক জাহাজ এমভি সেজুঁতি-তে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ মে) ভোররাতে সশস্ত্র একদল জলদস্যু জাহাজটিতে হামলা চালিয়ে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়।

জাহাজটির শিপিং এজেন্ট পিএনএন শিপিং লাইন্স লিমিটেড জানিয়েছে, রোববার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে ডাকাত দলটি অ্যাংকর চেইনের মধ্য দিয়ে জাহাজে প্রবেশ করে। তারা রামদা, চাপাটি, লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে সজ্জিত ছিল।

জাহাজের প্রধান প্রকৌশলী মো. সিরাজুল হক জানান, ডাকাতরা ৭ জন নাবিক ও কর্মচারীকে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে এবং ইঞ্জিন কক্ষসহ বিভিন্ন স্থান থেকে মালামাল লুট করে। লুটকৃত সামগ্রীর মধ্যে ছিল ইঞ্জিনের স্পেয়ার পার্টস, ২০০টি বেয়ারিং, ব্যাটারি, চার্জার, ড্রিল মেশিন, তেলের ড্রাম, গ্যাস ও অক্সিজেন বোতল, কম্পিউটার, সাবমারসিবেল পাম্প, ইলেকট্রিক তার, ৮টি স্মার্টফোন এবং নগদ ৭০ হাজার টাকা।

শিপিং এজেন্টের কর্মকর্তা আতাউস সালাম সৌরভ জানান, জলদস্যুরা প্রায় ১৬ ধরনের মালামাল লুট করেছে এবং এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

ঘটনার পরপরই কোস্টগার্ড পশ্চিম জোন এলাকা টহল দিয়েছে। তবে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও থানায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এমভি সেজুঁতি গত বছর ভারত থেকে পাথর এনে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে বন্দরে প্রায় এক বছর ধরে নোঙর করে আছে।

This post was viewed: 58

আরো পড়ুন