Ridge Bangla

রাইড শেয়ারে চেপে সর্বনাশ, হেলমেটে নেশাজাতীয় দ্রব্য, নারীর সর্বস্ব লুট-ধর্ষণ

রাজধানীর মিরপুর থেকে রাইড শেয়ারে চেপে যাত্রা শুরু করেছিলেন এক কর্মজীবী নারী। গন্তব্য ছিল শ্যামলী। মোটরসাইকেল চালক তাকে নিজের হেলমেট পরিয়ে দেন। হেলমেট পরার কিছুক্ষণের মধ্যেই অজানা কারণে নারীটি ধীরে ধীরে চেতনা হারাতে থাকেন।

বাইক চলতে থাকে, কিন্তু গন্তব্য শ্যামলীর পথে নয়—চালক দিক পরিবর্তন করে ঘণ্টার পর ঘণ্টা ভিন্ন পথে চালিয়ে নিয়ে যান নরসিংদীর ঘোড়াশাল এলাকার একটি নির্জন কালভার্টের পাশে। অচেতন ও অসহায় অবস্থায় থাকা ওই নারীকে ধর্ষণ করে অভিযুক্ত চালক। এরপর নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং লুটে নেয় ভিকটিমের সঙ্গে থাকা টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র। শেষে নারীটিকে ফেলে রেখে পালিয়ে যায় চালক।

তবে দ্রুত তৎপরতা দেখায় পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে প্রথমে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তদন্তে নেমে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে নাগরিকদের বিশেষ করে নারীদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে। রাইড শেয়ার নেওয়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়। অপরিচিত হেলমেট না পরতে ও প্রয়োজনে নিজস্ব হেলমেট ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।

রাজধানীর অলিগলিতে চালকের ছদ্মবেশে কতজন অপরাধী লুকিয়ে আছে—তা হয়তো জানা সম্ভব নয়। তাই সচেতনতাই হতে পারে প্রথম ও শেষ প্রতিরক্ষা।

This post was viewed: 39

আরো পড়ুন