Ridge Bangla

বাংলাদেশের বাজারে চালের দাম বাড়ছে

বাংলাদেশের বাজারে চালের দাম আবারও কিছুটা বেড়েছে। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে, সরকার এবার আগের বছরের তুলনায় প্রতি কেজি ধান ও চাল চার টাকা বেশি দামে কিনছে। এই পরিবর্তনের ফলে বাজারে চালের দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা দিতে পারে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুনামগঞ্জের শান্তিগঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধনের সময় তিনি বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার এবার প্রতি কেজি ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকায় কিনবে, যাতে তারা ন্যায্য দাম পান এবং ধান চাষে আগ্রহ হারান না।”

তিনি আরও বলেন, ধান-চাল সংগ্রহে কোনো সিন্ডিকেটের সুযোগ দেওয়া হবে না। আগের আমন সংগ্রহের সময়ও কোনো সিন্ডিকেট ছিল না, এবারও তেমন কিছু ঘটবে না।

চালের দাম কিছুটা বাড়লেও তা কৃষকদের জন্য লাভজনক হবে বলে মনে করছেন খাদ্য উপদেষ্টা। তার মতে, “কৃষক যদি কঠোর পরিশ্রমের পর ন্যায্য মূল্য না পান, তাহলে তারা ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নেবেন, যা ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।”

জানা গেছে, এ বছর সুনামগঞ্জ জেলায় সরকারিভাবে ১৪ হাজার ৬৪৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ৩৬ টাকা হারে কৃষকের কাছ থেকে সরাসরি এই ধান কেনা হবে, অর্থাৎ প্রতি মণ ধানের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৪০ টাকা।

This post was viewed: 39

আরো পড়ুন