Ridge Bangla

মাদক সেবনের দায়ে নিষিদ্ধ রাবাদা

দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা, যিনি বর্তমানে টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন, মাদক সেবনের অভিযোগে সাময়িক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। আইপিএলের মাঝপথে তার হঠাৎ দেশে ফিরে যাওয়ার প্রকৃত কারণ ছিল এই মাদক সেবনের ঘটনা, যা এতদিন গুজবের মধ্যে ছিল।

রয়টার্স জানিয়েছে, রাবাদা বিষয়টি স্বীকার করেছেন এবং নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন। যদিও তিনি বিস্তারিত কিছু না বললেও জানিয়েছেন, তিনি বর্তমানে একটি ‘সাময়িক নিষেধাজ্ঞা’র অধীনে আছেন। আইপিএল বা আইসিসি থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেওয়া হয়নি।

ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে এমআই কেপটাউনের হয়ে খেলার সময় রাবাদা বিনোদনমূলক একটি মাদক সেবন করেন। এটি পারফরম্যান্স বৃদ্ধিকারী কোনো উপাদান ছিল না।

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (সাকা)–এর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাবাদা বলেন, “যেমনটা অনেকেই জেনেছেন, আমি সম্প্রতি ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলাম। এটা হয়েছিল একটি নেতিবাচক বিশ্লেষণী ফলের কারণে, যেখানে নিষিদ্ধ নেশাজাতীয় পদার্থের উপস্থিতি ধরা পড়ে। আমি যাদের হতাশ করেছি, তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ক্রিকেট খেলার এই সুযোগকে আমি কখনোই হালকাভাবে নেইনি। এই সুযোগ আমার চেয়ে বড়—এটি দেশের প্রতিনিধিত্ব, তরুণদের অনুপ্রেরণা। আমি আমার প্রিয় খেলায় ফিরে আসার অপেক্ষায় আছি।”

২০২৫ আইপিএল নিলামে রাবাদাকে ১০.৭৫ কোটি রুপিতে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলারের এমন পরিণতি যেমন হতাশাজনক, তেমনি তার অনুশোচনা ও ফেরার প্রত্যাশা অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস হতে পারে।

This post was viewed: 42

আরো পড়ুন