Ridge Bangla

টানা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আগামীকাল সোমবার থেকে টানা কর্মবিরতিতে যাচ্ছেন। ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে এই কর্মসূচি শুরু হচ্ছে, যা চলবে ১৫ মে পর্যন্ত।

‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির প্রথম ধাপে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।

গত ২৪ এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি তাদের দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করেছিল এবং সেগুলো পূরণের জন্য ৪ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ৫ মে থেকে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “সরকার আমাদের দাবির বিষয়ে কোনো আলোচনা কিংবা সিদ্ধান্ত নেয়নি। ফলে আমরা বাধ্য হয়েই কর্মবিরতির পথে হাঁটছি।”

ঘোষিত কর্মসূচি অনুযায়ী:

  • ৫ থেকে ১৫ মে: প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি

  • ১৬ থেকে ২০ মে: প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি

  • ২১ থেকে ২৫ মে: অর্ধদিবস কর্মবিরতি

  • ২৬ মে থেকে: দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণদিবস লাগাতার কর্মবিরতি

সংগঠনের নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

This post was viewed: 53

আরো পড়ুন