Skip to main content

Ridge Bangla

‘মার্চ ফর গাজা’ কর্মসূচির জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা প্রকাশ

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ সমাবেশের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রদূত বলেন, “আরব বিশ্বসহ অনেক মুসলিম দেশ যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে বাংলাদেশ একটি শক্তিশালী বার্তা দিয়েছে।” তিনি আরও বলেন, ফিলিস্তিনের সাধারণ মানুষ জানতে চায়, কী সেই বিশেষ কারণ যার জন্য বাংলাদেশের মানুষ ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে এত জোরালো প্রতিবাদ করেছে। উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “বাংলাদেশের জনগণ ধর্মপ্রাণ মুসলিম এবং মানবিকতা ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, “বাংলাদেশ সবসময়ই ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে থেকেছে এবং তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে এসেছে। ১২ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি তারই প্রমাণ।”

বৈঠকে আরও আলোচনা হয়:

  • সম্প্রতি অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ সমাবেশ;
  • ফিলিস্তিন টিভির প্রতিনিধিদলের বাংলাদেশ সফর;
  • আল আকসা মসজিদের নামে স্মারক পাসপোর্ট ইস্যুর প্রস্তাব।

রাষ্ট্রদূত জানান, আগামী ১৭ মে ফিলিস্তিন টিভির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে এবং তারা বাংলাদেশের ফিলিস্তিন-সংহতিমূলক কর্মসূচিগুলো নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করবে, যা ফিলিস্তিন টিভিতে সম্প্রচার করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বলেন, প্রয়োজনীয় অনুমোদনের পর বাংলাদেশের পক্ষ থেকে আল আকসা মসজিদের নামে স্মারক পাসপোর্ট ইস্যুর ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) খন্দকার মো. মাহাবুবুর রহমান, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) শামীম খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

This post was viewed: 48

আরো পড়ুন