Skip to main content

Ridge Bangla

পাকিস্তান স্থগিত করল ভারতীয় ভিসা, বন্ধ আকাশসীমাও

কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত-পাকিস্তান সম্পর্কের মধ্যে। এই ঘটনার পরপরই ভারত পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করে। এবার পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানও ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রদান স্থগিত করেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ইসলামাবাদ কেবল ভিসা কার্যক্রমই বন্ধ করেনি, বরং ভারতের কয়েকজন কূটনীতিককে বহিষ্কার করেছে এবং ভারতের যাত্রীবাহী ও পণ্যবাহী বিমানগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার জম্মু-কাশ্মিরের পেহেলগামে একদল বন্দুকধারীর গুলিতে ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটক। এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঘটনার পর ভারত তাদের কূটনৈতিক সম্পর্কের স্তর নামিয়ে আনে, আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বন্ধ করে দেয় এবং বহু পুরনো সিন্ধু নদ চুক্তিও স্থগিত করে।

জবাবে পাকিস্তান ভারতীয় ফ্লাইটের জন্য আকাশপথ বন্ধ করেছে, দুই দেশের মধ্যে বাণিজ্য স্থগিত করেছে এবং ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কূটনীতিকের সংখ্যা ৩০-এ নামিয়ে আনার নির্দেশ দিয়েছে। এছাড়া ভারতীয় সেনা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান ছাড়তে বলা হয়েছে।

এদিকে, কাশ্মিরে হামলার ঘটনায় তদন্ত তৎপরতা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। এ পর্যন্ত প্রায় ১৫০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে।

This post was viewed: 68

আরো পড়ুন