Ridge Bangla

ঈশ্বরদী ইপিজেডে ডায়রিয়া ছড়িয়ে পড়ায় চার দিনে আক্রান্ত ৬০০-এর বেশি শ্রমিক

পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। গত চার দিনে ৬০০-এর বেশি শ্রমিক আক্রান্ত হয়ে ঈশ্বরদী, লালপুর ও পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১ জুন) মধ্যরাত থেকে সোমবার বিকাল ৪টা পর্যন্ত নতুন করে আরও ১১৮ জন শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৮৬ জন ভর্তি হন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৩২ জন লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।

আক্রান্ত শ্রমিকদের বেশিরভাগই রেনেসাঁ, ডেনিম, ভিনটেজ, নাকানো ও স্টেলা হেয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৩২৯ জন এবং লালপুর হাসপাতালে ৯৫ জন শ্রমিক ভর্তি হয়েছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। হঠাৎ এত রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসক-নার্সরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

শ্রমিকদের অভিযোগ, ২৯ মে দুপুরে খাবারের পর ইপিজেডে সরবরাহকৃত পানি পান করার পর থেকেই ডায়রিয়ার উপসর্গ শুরু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এটি পানিজনিত পয়জনিংয়ের ফল।

ইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে, পানি পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। আক্রান্ত শ্রমিকদের চিকিৎসা ও ছুটি নিশ্চিত করা হবে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

This post was viewed: 49

আরো পড়ুন