সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার (৬ জুন) আগাম ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। জেলার হাজীগঞ্জ উপজেলার ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফসহ বিভিন্ন স্থানে আগেই ঈদের প্রস্তুতি সম্পন্ন হয়।
সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। এছাড়া সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসায় সকাল ৮টায় আরেকটি জামাত পরিচালনা করেন পীর মাওলানা আরিফ চৌধুরী। তিনি জানান, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ভিত্তিতেই রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করা হয়। এ উপলক্ষে কোরবানির পশু কেনাসহ সব প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে।
যেসব গ্রামে আগাম ঈদ উদযাপিত হয়েছে, তার মধ্যে রয়েছে—হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, অলিপুর, বলাখাল, বাসারা, মনিহার, ফরিদগঞ্জ উপজেলার গল্লাক, ভুলাচোঁ, উভারামপুর, সোনাচোঁ, মুন্সিরহাট, বালিথুবা, পাইকপাড়া, কাইতাড়া, বদরপুর, সাচনমেঘ, শোল্লা, মতলবের মোহনপুর, পাঁচানী, কচুয়া, শাহরাস্তিসহ প্রায় ৫০টি গ্রাম।
ঈদের একদিন আগে পালন করার এই রেওয়াজ প্রায় ৯৬ বছর আগে, ১৯২৮ সালে চালু করেন সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরী। তার দেখানো পথ অনুসরণ করে প্রতি বছর অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি আগাম ঈদ উদযাপন করেন।