আইনগত জটিলতা নিয়ে আলোচনায় আসার পর এবার নিজের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের দুঃসংবাদ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। শনিবার (২৫ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাসে তিনি জানান, বর্তমানে তিনি গুরুতর অসুস্থ এবং চিকিৎসকের কঠোর পর্যবেক্ষণে রয়েছেন।
ফারিয়া লেখেন, “গত কয়েক দিন ছিল জীবনের অন্যতম কঠিন সময়। মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়লেও, আপনাদের ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে।”
তিনি জানান, চিকিৎসার অংশ হিসেবে বাইরের কারও সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন এবং ফোন ব্যবহারে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। অনেকেই তার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, সাক্ষাৎকার চাইছেন, যা তাকে আবেগাপ্লুত করেছে।
সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফারিয়া লেখেন, “আপনাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকা আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয়। আপনাদের সহযোগিতা ছাড়া হয়তো নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না।”
স্ট্যাটাসের শেষাংশে তিনি সবাইকে আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান এবং আশাবাদ প্রকাশ করেন—খুব শিগগিরই আবার দর্শকদের সামনে আসবেন।