Ridge Bangla

দেশের সকল জেলায় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশের ৬৪টি জেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র, ৮টি লার্নিং সেন্টার, ১টি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং ৮টি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার ধানমন্ডির নগর কার্যালয়ে (সিটি ক্যাম্পাস) উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র স্থাপনের ফলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরীক্ষা ছাড়াও জাতীয় পর্যায়ের এসএসসি, এইচএসসি, পিএসসি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষাও পরিচালনা করা যাবে। এর মাধ্যমে পরীক্ষাকালে কলেজগুলোতে দীর্ঘ সময় ক্লাস বন্ধ থাকার সমস্যা কমবে এবং শিক্ষার্থীদের সেশনজট কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য। তিনি জানান, এ প্রকল্প বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা পাওয়া যাবে।

এছাড়া অধিভুক্ত কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য কুয়াকাটা (পটুয়াখালী), টেকনাফ (কক্সবাজার), রাঙ্গামাটি, হবিগঞ্জ, তেতুলিয়া (পঞ্চগড়), শ্যামনগর (সাতক্ষীরা), শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) এবং হাতিয়ায় (নোয়াখালী) লার্নিং সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধিভুক্ত কলেজের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য চুয়াডাঙ্গায় একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণের জন্য ঢাকা, যশোর, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, নোয়াখালী, পটুয়াখালী, খাগড়াছড়ি ও কক্সবাজারে আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

This post was viewed: 34

আরো পড়ুন