Skip to main content

Ridge Bangla

আলিয়ার মুকুটে নতুন পালক, এবার কানের রেড কার্পেটে

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্রথমবারের মতো পা রাখতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। লরিয়াল প্যারিসের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তিনি অংশ নেবেন এই মর্যাদাপূর্ণ আয়োজনে। ১৩ থেকে ২৪ মে পর্যন্ত চলবে এবারের উৎসব।

লরিয়ালের হয়ে কানে দীর্ঘদিন ধরে প্রতিনিধিত্ব করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন আলিয়াও। লরিয়াল প্যারিসের এবারের থিম ‘লাইটস, বিউটি, অ্যাকশন’, যার অংশ হিসেবে আলিয়া অংশ নেবেন আন্তর্জাতিক তারকাদের সঙ্গে রেড কার্পেটে।

আলিয়া ভাট এক বিবৃতিতে বলেন, “প্রথম অভিজ্ঞতার সঙ্গেই থাকে এক বিশেষ অনুভূতি ও আবেগ। কানের রেড কার্পেটে পা রাখতে পারা আমার জন্য এক বিশাল সম্মান ও গর্বের। এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারা আনন্দের, যারা নারীর যাত্রা ও স্বকীয়তাকে সম্মান করে।”

বিশ্বজুড়ে লরিয়াল ব্র্যান্ডের অন্যান্য অ্যাম্বাসাডররাও থাকবেন এবারের আয়োজনে। তাঁদের মধ্যে রয়েছেন ইভা লংগারিয়া, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সাইমন অ্যাশলে, এল ফ্যানিং, বেবে রেক্সা এবং ইজুল্ট।

আলিয়ার এই আন্তর্জাতিক অর্জনে ভক্তদের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে রেড কার্পেটে আলিয়া কী পোশাক পরবেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

This post was viewed: 71

আরো পড়ুন