Skip to main content

Ridge Bangla

কানের রেড কার্পেটে মধুবালাদের স্মরণে নীতাংশি গোয়েল

‘লাপাতা লেডিস’ সিনেমায় ‘ফুল’ চরিত্রে অভিনয় করে নজর কাড়া কিশোরী অভিনেত্রী নীতাংশি গোয়েল এবার নিজের জীবন ও কর্মজীবনের এক অনন্য অধ্যায়ে পা রাখলেন। জীবনের প্রথমবারের মতো হাজির হলেন ৭৮ তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে, এবং সঙ্গে নিয়ে এলেন এক ব্যতিক্রমী বার্তা।

ফরাসি ক্রাইম-ড্রামা সিনেমা Dossier 137-এর প্রিমিয়ারে অংশ নিতে রেড কার্পেটে উপস্থিত হন নীতাংশি। এ সময় তার পরনে ছিল ডিজাইনার জুটি মনিকা অ্যান্ড কারিশমা নির্মিত একটি সোনালি মোটিফ-সংবলিত ব্ল্যাক অ্যান্ড গোল্ড গাউন। ডিজাইনার মনিকা শাহ জানান, “নীতাংশির চোখের দীপ্তি ও কোমলতা ফুটিয়ে তুলতেই এমন একটি ফ্যান্টাসি গাউন তৈরি করা হয়েছে।”

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে নীতাংশির ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে পরা আইভরি প্রি-ড্রেপড শাড়ি এবং তার বেণিতে থাকা হেয়ার অ্যাকসেসরিজ। প্রত্যেকটি অ্যাকসেসরিজে আঁকা ছিল বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালা, রেখা, হেমা মালিনী ও শ্রীদেবীর প্রতিকৃতি—যা আন্তর্জাতিক অঙ্গনে এক অসাধারণ শ্রদ্ধার নিদর্শন হিসেবে প্রশংসিত হয়।

নীতাংশি বলেন, “এটা আমার মুহূর্ত, আর আমি চাই এই মুহূর্ত অন্য মেয়েদের স্বপ্ন দেখতে সাহস জোগাক।” মাত্র ১৭ বছর বয়সী এই অভিনেত্রী ইতোমধ্যে এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, ইন্দু সরকার, ময়দানসহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি, তিনি একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী এবং ইনস্টাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যা ১০.৭ মিলিয়ন।

এই ব্যতিক্রমী রেড কার্পেট উপস্থিতি প্রমাণ করে, নতুন প্রজন্মের অভিনেত্রীরা কেবল গ্ল্যামার নয়, ইতিহাস ও সংস্কৃতিরও এক সুস্পষ্ট ধারক।

This post was viewed: 55

আরো পড়ুন