Ridge Bangla

বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ অনাহারে মৃত্যুর ঝুঁকিতে

আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সংকট নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস (GRFC)। সংস্থাটির ২০২৫ সালের পূর্বাভাস অনুযায়ী, বিশ্বের ৫৩টি দেশে প্রায় ২৯৫.৩ মিলিয়ন মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি, যা সেই দেশগুলোর মোট জনসংখ্যার ২২.৬ শতাংশ। এদের একটি বড় অংশ রয়েছে সরাসরি অনাহারে মৃত্যুর ঝুঁকিতে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, চলমান যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা ও মানবিক সহায়তার তহবিল সংকট এই দুরবস্থার প্রধান কারণ। গত ছয় বছর ধরে এই সংখ্যাটি ধারাবাহিকভাবে বাড়ছে।

বিশেষ করে গাজা ও সুদান সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। গাজায় সীমান্ত বন্ধ এবং যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গের কারণে প্রায় ২১ লাখ মানুষ চরম দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। সুদানে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের কারণে খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, যার ফলে ২ কোটি ৪০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে।

এছাড়া হাইতি, মালি, দক্ষিণ সুদান, মিয়ানমার, কঙ্গো, পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশ, আফগানিস্তান এবং পাকিস্তানেও সংঘাত ও খরার কারণে খাদ্য সংকট আরও ঘনীভূত হচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি এখনই কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং অনাহারে মৃত্যুর সংখ্যা বিপজ্জনকভাবে বৃদ্ধি পেতে পারে। তারা মানবিক সহায়তা বৃদ্ধি ও সংঘাত নিরসনে রাজনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন।

This post was viewed: 48

আরো পড়ুন