Ridge Bangla

এপ্রিলের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ভাষণের শুরুতে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং বলেন, “নির্বাচনের সময় জানতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর আগ্রহ যথেষ্ট। আমি আগেই বলেছি, নির্বাচন হবে ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬ এর মধ্যে। এখন আমরা জানাতে পারি, নির্বাচন হবে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে।”

ড. ইউনূস বলেন, “আমরা একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই, যেন আর কোনো দল বা গোষ্ঠী জনগণের ভোটের বাইরে গিয়ে ক্ষমতায় না আসে। আমাদের ইতিহাস বলে, ত্রুটিপূর্ণ নির্বাচন থেকে ফ্যাসিবাদ জন্ম নেয়। এটি যেন আর না ঘটে।”

তিনি আরও যোগ করেন, “নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সংস্কার চলছে। বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার প্রক্রিয়াও অগ্রসর হচ্ছে। আগামী রোজার ঈদের আগেই এসব খাতে দৃশ্যমান অগ্রগতি আশা করছি।”

সবশেষে তিনি বলেন, “নির্বাচন কমিশন শিগগিরই একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে। আমরা এমন একটি নির্বাচন চাই, যা শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গৌরবময় ইতিহাস হয়ে থাকবে।”

This post was viewed: 50

আরো পড়ুন