ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় বিধি লঙ্ঘনের কারণে দেশের ১০টি বেসরকারি প্রতিষ্ঠানের সনদ বাতিল করেছে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)। সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬ এবং বিধিমালা, ২০১০-এর নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ না করায় এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বাতিল করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকদের কাছ থেকে নেওয়া সকল সঞ্চয় বা আমানত ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সনদ বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো:
-
ঝাউদিয়া গ্রাম উন্নয়ন সংস্থা
-
গণ উন্নয়ন একাডেমী
-
রুপা
-
গণী ওয়েলফেয়ার ফাউন্ডেশন
-
নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন (এনএসকেএফ)
-
বাংলাদেশ রুরাল ইউথ ওয়েলফেয়ার অরগানাইজেশন (বারিও)
-
আস্থা মানবিক উন্নয়ন কেন্দ্র
-
গ্রামের আলো
-
ভালুকা ফাউন্ডেশন
-
জয়বাংলা নারী উন্নয়ন সংস্থা
এমআরএ সাধারণ জনগণকে এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো ধরনের ক্ষুদ্রঋণ কার্যক্রমে না জড়ানোর আহ্বান জানিয়েছে। সনদ বাতিলের পর এসব প্রতিষ্ঠানের ঋণ বিতরণ, সঞ্চয় গ্রহণ এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রম সম্পূর্ণ অবৈধ।
ক্ষুদ্রঋণ খাতের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এমআরএ।